স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত, দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জুলাই) : চট্টগ্রাম বোর্ডে বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো দ্রুতই নতুন প্রশ্নপত্রে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করতে হয়েছিল এবং তা পুনরায় নেওয়া বাধ্যতামূলক। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় শুরু থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি জানান, চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি প্রশ্নপত্র সেটে অনুষ্ঠিত হবে, ঠিক সেই সময়েই স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলোও নেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে নিজের একটি মন্তব্য ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে সংসদে অবস্থান পরিষ্কার করেন মন্ত্রী।
তিনি বলেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য তিনি কোনো কথা বলেননি। তা সত্ত্বেও তাঁর ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে বা আহত হলে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
মনোয়ারুল হক/
