সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল সায়েন্সল্যাব
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জুলাই) : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও সম্প্রতি দেওয়া তাঁর ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সায়েন্সল্যাব মোড়ে চলমান বিক্ষোভ থেকে শিক্ষার্থীদের পক্ষে এই আল্টিমেটাম দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত হানায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
শিক্ষার্থীরা তিন দফা দাবিতে তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মিরাজ হোসেন আরও দাবি করেন, গত ১৩ জুলাই বৈরী ও অনাকাঙ্ক্ষিত পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন কিংবা যারা অংশ নিতে পারেননি, সবার স্বার্থ বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পুনরায় নিতে হবে। একই সঙ্গে চলমান সব পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি দেওয়া এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের উপযোগী ও মানসম্মত প্রশ্নপত্র প্রণয়নেরও জোর দাবি জানান তাঁরা।
এর আগে, সকাল ১১টা থেকেই রাজপথে নামে শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব মোড় অবরোধের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচি দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে বকশীবাজারে শিক্ষা বোর্ড ঘেরাওয়ের রূপ নেয়। আন্দোলনকারীরা শিক্ষা বোর্ডের মূল ফটক বন্ধ পেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং ক্ষুব্ধ হয়ে ভবনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তবে কড়া নিরাপত্তার কারণে তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি।
বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা আবারও সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নিলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও আজিমপুরসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল থমকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দিনভর তীব্র আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি তাঁদের সাথে কথা বলতে আসেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মনোয়ারুল হক/
