বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জুলাই) : দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তাগিদ দেন।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সংকটকালে জনগণের দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। বন্যা দুর্গতদের দ্রুত উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজে সব সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে থাকার নির্দেশ দেন তিনি।

সভায় দুর্যোগ মোকাবিলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ত্রাণ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে যেন সহায়তা পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে, ত্রাণ বিতরণ ব্যবস্থা সুশৃঙ্খল ও কার্যকর করতে বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরির তাগিদ দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি দেশের যোগাযোগ ব্যবস্থা ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান।

উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পানি নেমে যাওয়ার পরপরই প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করে খাদ্য সহায়তা কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার পাশাপাশি নতুন বীজ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। বন্যাকবলিত এলাকায় রোগব্যাধি ছড়ানো রোধে চিকিৎসাসেবা জোরদার ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি এলজিইডি ও সড়ক ও জনপথ অধিদপ্তরকে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সমন্বিত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পুরোদমে চলবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ