আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে শেখ হাসিনার ভাগ্য: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জুলাই) : শেখ হাসিনা দেশে ফিরে মামলার মুখোমুখি হলে আদালতের মাধ্যমে এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রীর আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি উল্লেখ করেন, সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) স্বচ্ছতা ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সেখানে ভিডিও ধারণ ও পর্যবেক্ষক রাখার সুযোগ রয়েছে। আদালত যদি তাকে খালাস দেয় কিংবা কোনো শাস্তি দেয়, সরকার সেটিই মেনে নেবে।

সংবিধান সংস্কার ও সংশোধনীর বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ দুটির মধ্যে মূল ফারাকটি কেবল শব্দগত। পঞ্চদশ সংশোধনীর উদাহরণ টেনে তিনি জানান, সংশোধনীর মাধ্যমেই সংবিধানের কাঠামোয় বড় পরিবর্তন আনা সম্ভব। তবে কোন কোন ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

জাতীয় সংসদের সংবিধান সংশোধন বিষয়ক ১৭ সদস্যের বিশেষ কমিটিতে বিরোধী দলের অংশ নেওয়া এবং সংসদের ভেতরে নিজেদের প্রস্তাব উত্থাপন করা উচিত বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং সংসদে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর ভিত্তিতেই কাজ করবে। এই সনদে বিএনপির যেসব বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে, তা বিবেচনায় নেওয়া হবে না।

দেশের চলমান বন্যা পরিস্থিতি ও উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, দেশের ৭টি জেলার ৫৯টি উপজেলা বর্তমানে বন্যাকবলিত এবং এতে এখন পর্যন্ত ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গত এলাকায় মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জোরালোভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় বড় উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আমিনবাজারে দৈনিক ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ২৫ বছর মেয়াদি একটি বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। এই প্রকল্প থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যা ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ