শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জুলাই) : দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে- এমন অভিযোগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পূর্বঘোষিত এই কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ঢাকার প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা মন্ত্রীর পদত্যাগ চেয়ে এবং বিভিন্ন মন্তব্যের প্রতিবাদে স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। তাদের অভিযোগ, দেশজুড়ে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হলেও তা বিবেচনা না করেই জোরপূর্বক পরীক্ষা চালানো হচ্ছে। অনেক শিক্ষার্থীকে কাদা-পানি মাড়িয়ে, এমনকি নৌকায় করে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে, যা তাদের চরম মানসিক ও শারীরিক চাপের মুখে ফেলেছে। বন্যা ও প্রতিকূল আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানানো হলেও শিক্ষা প্রশাসন তা আমলে নেয়নি।

আন্দোলনকারীরা তাদের অবস্থান সুনির্দিষ্ট করতে ৮ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে প্রধান তিনটি দাবি হলো— পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণমূলক নম্বর দেওয়া এবং পরীক্ষা ব্যবস্থার যৌক্তিক সংস্কার। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন আরও তীব্র করবেন। উল্লেখ্য, ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় বোর্ডের সামনেও একযোগে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ