তারুণ্যের শক্তিই সমৃদ্ধ বাংলাদেশ, উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ জুলাই) : দেশের তরুণ সমাজ ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কিছু গড়ার পথ চ্যালেঞ্জিং হলেও অদম্য ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নতুন ও হবু উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে বলেন, উদ্যোক্তা হওয়ার পথটি সহজ নয়, বরং বেশ কঠিন ও প্রতিকূলতায় ভরা। তবে দেশের লাখো-কোটি মানুষের ভাগ্য উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির স্বার্থেই এই সৃজনশীল তরুণদের এগিয়ে আসা প্রয়োজন। তরুণদের এই অগ্রযাত্রায় সরকারের পক্ষ থেকে দিকনির্দেশনা ও সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী নিজের জীবনের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মানসিক ও শারীরিক নির্যাতন এবং নানা প্রতিকূলতা পেরিয়ে আসার অভিজ্ঞতা স্মরণ করেন। সেই লড়াকু জীবনের অনুপ্রেরণা থেকেই তিনি তরুণ প্রজন্মকে কঠিন সময়েও হাল না ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে স্কুলশিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপদের কাজ দেখে নিজের আত্মবিশ্বাস আরও বেড়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী প্রজন্মই দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ