তারুণ্যের শক্তিতে অর্থনৈতিক সমৃদ্ধি, প্রধানমন্ত্রীর ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জুলাই) : দেশের তরুণ ও নারী সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক প্রগতির মূলধারায় যুক্ত করতে বড় এক পদক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।
‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনের মূল লক্ষ্যই ছিল তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে দেশের সামগ্রিক উন্নয়নে কাজে লাগানো।
নবউদ্বোধিত এই ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ মূলত নতুন উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এখন থেকে সরকারি নানা সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের পরিবেশ, অংশীদারদের সাথে সংযোগ এবং প্রয়োজনীয় সকল সেবা এক ছাদের নিচেই পাবেন দেশের তরুণ উদ্ভাবকেরা। অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি ‘গল্প নয়, সত্যি’ পর্বে সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে মুক্ত আলোচনায় অংশ নেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত ছয়জন উদ্যোক্তার হাতে অনুদানের চেক তুলে দেন।
বর্তমান সরকারের ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার ধারাবাহিকতায় ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোগগুলোর অর্থায়ন ও বিকাশের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সূচনা বক্তব্য এবং ঢাবি অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
মনোয়ারুল হক/
