মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে সর্বোচ্চ জ্বালানির দাম

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২১ অক্টোবর): মধ্যপ্রাচ্যের তেল স্থাপনা এবং ট্যাঙ্কারের ওপর ইরান ও এর সহযোগী হুথিদের ধারাবাহিক হামলার আশঙ্কার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে পাঁচ মাসের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে।

চলমান সংঘাতের সূত্রপাত থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫৫ শতাংশের বেশি।

সর্বশেষ মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারের মূল্য গত মে মাসের পর এই প্রথম ব্যারেলপ্রতি ১১১ ডলার ছাড়িয়ে যায়, যা পরবর্তীতে সামান্য কমে স্থির হয় ১১০ ডলার ৩০ সেন্টে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও উল্লম্ফন দেখেছে; প্রতি ব্যারেলের দর পৌঁছেছে ১০৫ ডলার ৭৫ সেন্টে, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৬০ শতাংশের বেশি বেশি।

এদিকে যুক্তরাজ্যের সামরিক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলে একটি তেল ট্যাঙ্কারকে কেন্দ্র করে সন্দেহজনক ঘটনার পর তারা জরুরি সতর্কতা জারি করেছে। অন্যদিকে, ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে দেশটির রেভোলিউশনারি গার্ডস।

এর আগের দিন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের সায়বাহ তেলক্ষেত্র এবং লোহিত সাগরের কৌশলগত ট্রানজিট রুটের কাছাকাছি ইয়ানবু শহরের সৌদি আরামকো স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার দায় স্বীকার করে।

বৈশ্বিক তেল সরবরাহে এই তীব্র ঘাটতির কারণে বিপাকে পড়েছেন অপরিশোধিত জ্বালানি বিক্রেতারা। আর এর মূল নেতিবাচক প্রভাব রিফাইনারি ও পাম্প হয়ে সরাসরি পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর। গ্যাসবাডির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে পেট্রোলের গড় দাম বেড়ে পৌঁছেছে গ্যালনপ্রতি ৪ ডলার ২৭ সেন্টে (কোথাও কোথাও যা ৪ ডলার ৩৪ সেন্ট), যা গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকের তুলনায় প্রায় ১ ডলার ৩০ সেন্ট বেশি।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে জ্বালানি তেলের এই অস্বাভাবিক দামবৃদ্ধি মার্কিন ভোটার ও সাধারণ নাগরিকদের জন্য চরম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তাদের চাহিদার খুব সামান্য অংশই আমদানি করে থাকে, তবুও বৈশ্বিক বাজারের এই প্রভাব এড়ানো সম্ভব হচ্ছে না। ফলে বিশ্ববাজারের সংকট সরাসরি আঘাত হানছে মার্কিন চালক ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন খরচে। সূত্র: এবিসি নিউজ

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ