সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ জুলাই) : বাংলাদেশ আরও সবুজ করে গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, ‘আসো আমরা সকলে মিলে চেষ্টা করি, আমাদের এই বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে।’ একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।
তারেক রহমান বলেন, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলে হোক, সেটি তোমার বাসার আশেপাশে হোক, যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে।
গাছ সম্পর্কে জানার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে গাছটি লাগাবে ওই গাছটি কী গাছ? ওই গাছটি কত দিন বাঁচে? ওই গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে? ওই গাছটি মানুষের কী কী উপকারে লাগে—এই বিষয়গুলো তোমরা ইন্টারনেট ঘেঁটে রিসার্চ করবে। তাহলে প্রতি বছর তুমি একটি গাছ সম্পর্কে জানতে পারবে,
প্রধানমন্ত্রী আরও বলেন, গাছগুলো যখন বড় হবে; সেটি তোমার স্কুলেই হোক, সেটি তোমার বাসায় হোক, যদি স্কুলে বড় হয় দেখবে সব বন্ধুরা যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে, ওই গাছের ছায়ায় সুন্দর করে বিশ্রাম করতে পারবে। একইভাবে বাসায় যদি গাছ রোপণ করো, ওই বাসার আশেপাশে গাছটা যখন বড় হবে, যখন সুন্দর বাতাস বইবে, দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাস উপভোগ করতে পারবে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
