খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১০ জুলাই) : ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার তীব্র অঙ্গীকার ব্যক্ত করেছে দেশটির ক্ষমতাধর সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)। আইআরজিসি-র প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি এক হুশিয়ারি বার্তায় জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল চক্রকে এর চরম মূল্য দিতে হবে।

আইআরজিসি-র নিজস্ব সংবাদ মাধ্যম ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে  জেনারেল আহমাদ ভাহিদি বলেন, ‘ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করতে হবে।’

তিনি বিশ্বমঞ্চে কড়া বার্তা দিয়ে আরও বলেন, “আমেরিকার অপরাধী শাসকগোষ্ঠীসহ ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের শত্রুদের এটি স্পষ্ট জেনে রাখা উচিত—এই ঐশী নেতাকে বিদায় করে তারা প্রতিরোধের পতাকাকে কখনোই স্তব্ধ করতে পারবে না।”

জেনারেল ভাহিদি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, এই নির্মম হত্যাকাণ্ড ইতিহাসের পাতায় চিরকাল দাগ কেটে থাকবে। শহীদদের রক্তের ঋণ শোধ করা এবং দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা ইরানের একটি চূড়ান্ত, বৈধ এবং অলঙ্ঘনীয় অধিকার হিসেবে বহাল থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিজ জন্মভূমি মাশহাদ শহরে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে। প্রায় চার মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় পরিবারের চার সদস্যসহ নিহত হন ইরানের এই শীর্ষ আধ্যাত্মিক নেতা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ