চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ জুলাই) : দেশজুড়ে চলমান দুর্যোগ পরিস্থিতিতে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনকে দৃঢ় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় বিএনপির নেতাকর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে ড. মাহদী আমিন বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে প্রশাসন যেন শতভাগ নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকে, প্রধানমন্ত্রী সেই স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসনের পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি সংস্থাই প্রয়োজনীয় ত্রাণ ও সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।
অনুষ্ঠানে মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে একটি সমৃদ্ধ দেশ গঠনে নির্বাচিত সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
মনোয়ারুল হক/
