জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ জুলাই) : জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা ও শিক্ষাকে পুঁজি করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ঢেলে সাজাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভবিষ্যতের ভোটগুলোকে আরও বেশি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক করতে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও সার্বিক নির্বাচনী ব্যবস্থা নিয়ে আয়োজিত এক অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এবং আইনি কাঠামো ভিন্ন হলেও গত নির্বাচনের অভিজ্ঞতা আসন্ন স্থানীয় ভোটে দারুণ কাজে দেবে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনায় এর প্রতিফলন থাকবে। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশগুলোকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা ও সংস্কারের পাশাপাশি নির্বাচন-পরবর্তী মূল্যায়নও সম্পন্ন করেছে ইসি। নির্বাচন কমিশনের নিজস্ব দক্ষতা এবং পর্যবেক্ষকদের গঠনমূলক প্রস্তাবনাগুলো সমন্বয় করা গেলে আগামী দিনগুলোতে দেশের নির্বাচনী ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সংলাপে উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার টেকসই উন্নয়নে জোটের ধারাবাহিক অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে আগামী নির্বাচনগুলোতে নারী, ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোটাধিকার এবং অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ