বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭জুলাই) : বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করার নতুন প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, বৈঠকে ব্লু হেলমেটধারী বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি, আর্থিক প্রতিপূরণ প্রক্রিয়া দ্রুত করা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক এজেন্ডাগুলো স্থান পায়। এছাড়া ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউপিএস) নীতিমালার বাস্তবায়ন এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতি নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা মিশনগুলোর আর্থিক ক্ষতিপূরণ সহজ করার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহায়তার জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান। পাশাপাশি মিশন এলাকায় সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ বিভাগকেও সাধুবাদ জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনগুলোর কার্বন ফুটপ্রিন্ট বা পরিবেশগত ক্ষতি কমাতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি গর্বের সাথে স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশই বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে। এই খাতের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে জাতিসংঘের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।

‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী মিশন এলাকায় নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। এজন্য জাতিসংঘকে আরও বেশি পরিবেশবান্ধব ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সাথে যেকোনো প্রতিকূল ও বৈরী পরিস্থিতিতে শান্তিরক্ষীরা যাতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

হাইতির বর্তমান অস্থিতিশীল ও জটিল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশের আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩টি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (FPU) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। প্রচলিত ইউনিটের চেয়ে এই দলগুলো বেশ আলাদা। এগুলো মূলত:

  • সোয়াত (SWAT) ও র‌্যাপিড রেসপন্স প্ল্যাটুন,
  • বিস্ফোরক অর্ডন্যান্স নিষ্ক্রিয়করণ (EOD),
  • ফরেনসিক ও ক্রাইম সিন ম্যানেজমেন্ট,
  • সংগঠিত অপরাধ ও সাইবার ক্রাইম তদন্ত, এবং
  • নৌ-কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে বিশেষভাবে পারদর্শী।

হাইতিতে এই বিশেষায়িত সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের জন্য আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশের একটি ৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সদর দপ্তরে আলোচনায় অংশ নেবে। এই আলোচনা সফল করতে তিনি জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরগুলোর পূর্ণ সহযোগিতা কামনা করেন। এছাড়া পূর্ণাঙ্গ এফপিইউ মোতায়েনের পাশাপাশি অন্য দেশের কন্টিনজেন্টের সাথে যৌথভাবে বাংলাদেশের বিশেষায়িত টিম মোতায়েনের ব্যাপারেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীল পতাকাতলে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের পেশাদারিত্ব এবং জাতিসংঘের লজিস্টিক সাপোর্টের সমন্বয়ে বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে।

বাংলাদেশের এই উদ্যোগ ও প্রস্তাবের জবাবে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য পেশাদারিত্ব, অসীম সাহসিকতা এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার প্রশংসা করে তিনি হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন এবং বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্বকে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ