আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ জুলাই) : তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত এই ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, রাষ্ট্রীয় এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছালে বিমানবন্দরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

সফরকালে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশ ও ইরানের মধ্যকার শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় স্পিকার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনবে এবং বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে থাকবে। দুই দেশের সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি ইরানি স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সফরের অন্য এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালী। বৈঠকে ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করলে স্পিকার এই বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

সবশেষে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে কথা বলার পাশাপাশি ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস সেবা আরও উন্নত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ