খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৪ জুলাই) : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদন পর্ব আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ ও এর আশপাশের সড়কগুলোতে লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পুরো রাজধানী এখন লোকে লোকারণ্য। সমবেত বিপুল জনতাকে জায়গা দিতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের মূল ফটকগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এদিকে শেষকৃত্য ও দাফন প্রক্রিয়ায় অংশ নিতে যাওয়া সাধারণ মানুষের চাপে তেহরানের মেট্রো স্টেশনগুলোতে তিল ধারণের জায়গা নেই।

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-এর প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, কালো পোশাক পরিহিত শোকাতুর লাখো মানুষ স্টেশনের গেটের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এর আগে, বিদায়ী আনুষ্ঠানিকতার এক আবেগঘন মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাদের অঝোরে কাঁদার এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের এই প্রভাবশালী সাবেক শীর্ষ নেতা। তাঁর দাফন সম্পন্ন করতে সপ্তাহব্যাপী এক বিশেষ রাষ্ট্রীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানিয়েছেন, এই শহীদ নেতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তিনি জনসাধারণকে নির্ধারিত সময় মেনে অনুষ্ঠানস্থলে আসার আহ্বান জানান।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপদস্থ আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত থেকে সাবেক এই সর্বোচ্চ নেতার প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। সূত্র: আল জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ