দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ জুন) : দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই পরম শ্রদ্ধায় বাবা-মায়ের স্মৃতিধন্য মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বেলা সোয়া ১২টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান মাজার কমপ্লেক্সে যান। সেখানে তিনি তাঁর পিতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তাঁর মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত কামনা করে পবিত্র সূরা ফাতিহা পাঠ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম কোনো বিদেশ সফর, আর দেশে ফিরেই তিনি প্রথম আনুষ্ঠানিকতা হিসেবে বাবা-মায়ের কবর জিয়ারতকে বেছে নেন।
এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
