কুয়ালালামপুরে লাল গালিচা সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ জুন) : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে এক দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সুসজ্জিত একটি দল প্রধানমন্ত্রীকে সশস্ত্র ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর স্ত্রী। সেখানে জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিশু মাইসা নুর আইশা। বিমানবন্দরে এ সময় কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত ও বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে তাঁর সফরকালীন আবাসস্থল ঐতিহ্যবাহী ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। ঐতিহাসিক এই সফরকে বরণ করে নিতে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত দীর্ঘ ৫০ মিনিটের সড়কপথ দুই দেশের জাতীয় পতাকায় বর্ণিল সাজে সাজানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। সরকার গঠনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের পর বাংলাদেশ মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার, যদিও দ্বিপক্ষীয় বাণিজ্যে মালয়েশিয়ার পাল্লাই ভারী।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর দুই দেশের শীর্ষ নেতার মধ্যে প্রথমে একান্ত বৈঠক এবং পরবর্তীতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরে দুই দেশের মধ্যে পর্যটন, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মনোয়ারুল হক/
