প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ জুন) : মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জমকালো ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান মোটর শোভাযাত্রা সহকারে পুত্রজায়ায় অবস্থিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে তাঁদের এই উষ্ণ স্বাগত জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

দুই দেশের সুদীর্ঘ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটিয়ে পুত্রজায়ার প্রধান কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

এই বিশেষ রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে পুত্রজায়ার প্রধান সড়কগুলো বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় বর্ণিল সাজে সাজানো হয়।

আনুষ্ঠানিক সংবর্ধনা পর্ব শেষে দুই দেশের শীর্ষ নেতা পারস্পরিক কুশল বিনিময় এবং নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর, আনোয়ার ইব্রাহিমও তাঁর মন্ত্রিসভার সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন।

এরপর কার্যালয়ে প্রবেশের প্রাক্কালে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের সরকারপ্রধান দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এক একান্ত বৈঠকে মিলিত হন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ