সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ জুন) : দেশের সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন যে, সরকারের তোষামোদ বা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে নয়; বরং সত্যকে পরম সত্য হিসেবেই জনগণের সামনে উন্মোচন করতে হবে।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধের বিকাশে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। এই লক্ষ্যেই একটি ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৮ জুন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ বিষয়ে একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হবে।
ব্রডকাস্ট সাংবাদিকতাকে এগিয়ে নিতে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ শিল্পখাত হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান গণমাধ্যম নেতৃবৃন্দ।
বৈঠকে সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
চ্যানেল টোয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রয়োজন।
তথ্য ও সম্প্রচার খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং একটি দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে দেখছেন সংবাদমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা।
মনোয়ারুল হক/
