ভারত সফর বয়কট করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ জুন) : ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত হেনস্তার শিকার হয়ে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গত রবিবার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন তিনি। তবে সেখানে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের চরম অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে তিনি ভারত সফর বর্জন করেন। উপদেষ্টার ঘনিষ্ঠ মহল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টা বসিয়ে রেখে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘক্ষণ যাচাই-বাছাইয়ের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও, তাদের এমন আপত্তিকর ও অগ্রহণযোগ্য আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ডা. জাহেদ। ফলে তিনি দেশটিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন এবং তাৎক্ষণিকভাবে অন্য একটি দেশের ট্রানজিট নিয়ে বাংলাদেশে ফেরার পথ ধরেন।

রাষ্ট্রীয় পদমর্যাদা অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট (Diplomatic Passport) পাওয়ার অধিকারী হলেও, ডা. জাহেদ উর রহমান গত রবিবার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে সাধারণ পাসপোর্ট নিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিমানবন্দরে অবতরণের পর ভারতের একটি বিশেষ নিরাপত্তা তালিকা বা ‘নজরদারি তালিকায়’ নাম থাকায় তাকে সাময়িকভাবে আটকে দেওয়া হয়।

এদিকে ভারতীয় গণমাধ্যম সিএনএন-নিউজ১৮ তাদের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডা. জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি বিশেষ নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত ছিল। নিয়মিত স্ক্রিনিংয়ের সময় অভিবাসন কর্মকর্তারা বিষয়টি শনাক্ত করেন এবং অধিকতর যাচাইয়ের জন্য তাকে থামানো হয়। পরবর্তীতে প্রশাসনিক কিছু জটিলতা নিরসন করে তাকে ভারতে প্রবেশের সবুজ সংকেত দেওয়া হলেও, ততক্ষণে তিনি নিজেই ভারত ত্যাগের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় দেশটির সরকার। ভারতের দাবি ছিল, ওই চ্যানেলগুলো থেকে ‘ভারতবিরোধী’ বক্তব্য প্রচার করা হচ্ছিল। সংশ্লিষ্ট মহলের ধারণা, সেই তালিকায় ডা. জাহেদ উর রহমানের নাম থাকার কারণেই দিল্লি বিমানবন্দরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ