মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, গ্রাহকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ জুন) : ইসলামী ব্যাংকের সদ্য নিযুক্ত চেয়ারম্যানের অপসারণ চেয়ে গ্রাহকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সোমবার (১ জুন) সকালে ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভকারী গ্রাহকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে পুলিশ।
জানা গেছে, ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আজ সকাল থেকে প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন সাধারণ গ্রাহকরা। এ সময় তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ অ্যাকশনে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস (কাঁদানে গ্যাস) নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে প্রাথমিক ধকল কাটিয়ে বিক্ষোভকারীরা আবারও ব্যাংক সংলগ্ন এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকদের দাবি, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর বলপ্রয়োগ করেছে। আন্দোলনকারীদের অভিযোগ— ব্যাংকের বর্তমান চেয়ারম্যান একটি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর (এস আলম) ঘনিষ্ঠ সহযোগী। তাকে এই পদে বহাল রাখলে ব্যাংকে পুনরায় লুটপাটের আশঙ্কা রয়েছে, আর এই কারণেই তারা আন্দোলনে নেমেছেন।
এই ঘটনার পর থেকে মতিঝিল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মনোয়ারুল হক/
