পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ জুন) : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার দরুন মন্ত্রণালয়ের দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনায় বিঘ্ন ঘটছিল। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারা সচল ও গতিশীল রাখার স্বার্থেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন ৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান। ওই নির্বাচনে সব জয়ী প্রার্থীর মধ্যে তিনি সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভের রেকর্ড গড়েন।

সংসদ সদস্য হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েই তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।

দীপেন দেওয়ানের পরিবারে রাজনীতির ইতিহাস বেশ পুরনো। তাঁর বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০০৫ সালে যুগ্ম জেলা জজের মর্যাদাপূর্ণ চাকরি থেকে ইস্তফা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান। এরপর ২০১০ সালে তিনি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ