আল-আকসা মসজিদে ইসরায়েলি পতাকা ওড়ানোর তীব্র নিন্দা জানাল ইউএই

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১ জুন) : পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি কট্টরপন্থীদের জোরপূর্বক প্রবেশ এবং সেখানে ইসরায়েলি পতাকা উত্তোলনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইসরায়েলি পুলিশের কঠোর বেষ্টনীতে ঘটিয়ে যাওয়া এই ঘটনাকে চরম ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটি।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত রবিবার (৩১ মে) একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে অনুপ্রবেশ করে এবং সেখানে নিজেদের জাতীয় পতাকা উড্ডয়ন করে। দেশটির মতে, এ ধরনের উগ্র আচরণ ইসলামের অন্যতম পবিত্র এই ধর্মীয় উপাসনালয়ের ঐতিহাসিক ও আইনি মর্যাদা (স্ট্যাটাস কু) সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে।

আল-আকসা মসজিদের পবিত্রতা রক্ষা এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের ভূমিকার কথা উল্লেখ করে ধর্মীয় পবিত্র স্থানগুলো রক্ষায় আম্মানের নেওয়া সব ধরনের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ইউএই।

সংযুক্ত আরব আমিরাত আরও জানিয়েছে, এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষই সম্পূর্ণ দায়ী। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সেজন্য সবাইকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন পূরণ এবং একটি দ্বিপাক্ষিক সমাধান (টু-স্টেট সলিউশন) নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোর তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী, এই পবিত্র স্থানে কেবল মুসলিমদেরই নামাজ আদায় বা ইবাদত করার অনুমতি রয়েছে। অমুসলিমরা সেখানে কেবল পরিদর্শনের জন্য যেতে পারলেও কোনো ধরনের ধর্মীয় আচার বা উপাসনা করতে পারেন না।

সূত্র: আল-জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ