বাজেট ঘোষণার আগেই জ্বালানির দাম বাড়ানো জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ জুন) : আসন্ন বাজেট অধিবেশনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে এক ধরণের ধোঁকাবাজি ও জনস্বার্থবিরোধী পদক্ষেপ বলে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (৩১ মে) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, সরকার এর আগে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিল যে চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। কিন্তু সেই কথা না রেখে পুনরায় মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত জনগণের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী।

তিনি মনে করিয়ে দেন, গত মাসেই জ্বালানি তেলের দাম প্রায় ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল, যার প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লেগেছে। সাধারণ মানুষের আয় না বাড়লেও বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়েই চলেছে।

চলমান সংকটের মাঝে নতুন করে এই মূল্যবৃদ্ধি দিশেহারা সাধারণ মানুষকে আরও চরম দুর্ভোগের দিকে ঠেলে দেবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আগামী সপ্তাহেই জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে জ্বালানির দাম বাড়ানোকে জনগণের সাথে এক ধরণের প্রতারণা হিসেবে দেখছেন এই বিরোধী দলীয় নেতা।

জামায়াত আমির বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। এর সাথে জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যোগ হয়ে সমাজ ও রাষ্ট্রের অস্তিত্বকে সংকটের মুখে ফেলছে। তিনি জনগণের অধিকার আদায়ে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং যেকোনো গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত রবিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে লিটারপ্রতি অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে, তবে ডিজেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ