আরও বাড়ল জ্বালানি তেলের দাম, নতুন দামে বিক্রি আজ থেকে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ জুন) : জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।
জুন মাসের জন্য অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রবিবার (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার ((১ জুন)) থেকে নতুন এই দর কার্যকর হবে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল সরবরাহে চাপে থাকার মধ্যে ১৮ এপ্রিল চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে অনেকখানি বাড়ায় সরকার। সেই সময় ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছিল। পরে ৩০ এপ্রিলে সরকার আবার তেলের দর নির্ধারণ করে, তাতে মে মাসের জন্য সেই দামই বহাল রাখা হয়।
জুনের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করল। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এই বিক্রয়মূল্য নির্ধারণ করেছে। সরকার ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করছে। এর আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার ও কর কাঠামো বিবেচনায় জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।
মনোয়ারুল হক/
