শতভাগ মেধা ও যোগ্যতার জয়: মাগুরায় কনস্টেবল পদে ১৭ জনের চাকরি লাভ
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২৪ মে) : সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাগুরা জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিদ্যমান কোটা ও সরকারি নিয়োগ পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়।
রবিবার (২৪ মে) মাগুরা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন মাগুরা জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
নিয়োগ প্রক্রিয়ার এক নজরে পরিসংখ্যান:
- মোট আবেদনকারী: ১২৩৪ জন প্রার্থী।
- লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী: প্রাথমিক বাছাই শেষে ৩৪৭ জন।
- মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য মনোনীত: ৩৭ জন।
- চূড়ান্তভাবে নির্বাচিত: ১৭ জন প্রার্থী।
- অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকা: ৪ জন।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবকদের মাঝে এক আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তিনি নবীন পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিআরসি নিয়োগ কার্যক্রমের সাথে যুক্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
