মে মাসের ২৩ দিনেই এলো রেকর্ড ২৯৮ কোটি ডলার রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ মে) : চলতি মে মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে বড় চমক দেখিয়েছেন প্রবাসীরা। মাসের প্রথম ২৩ দিনেই দেশে এসেছে প্রায় ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যা প্রায় ২৯৮ কোটি ডলারের কাছাকাছি।
আজ রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতি প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় মে মাসের শুরু থেকেই প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে।
মুখপাত্র বলেন, চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। এতেই বাড়ছে প্রবাসী আয়ের পরিমাণ।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
মনোয়ারুল হক/
