ত্রিশালে ‘ধরার খাল’ পুনর্খনন কাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (২৩ মে) : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে অবস্থিত মৃতপ্রায় ‘ধরার খাল’ (যা বৈলর খাল নামেও পরিচিত) পুনর্খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী বৈলর ইউনিয়নের কানহর এলাকায় এসে পৌঁছান। বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টি উপেক্ষা করেই তিনি প্রথমে খালের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এরপর সরাসরি খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের শুভ সূচনা করেন। খননকাজের উদ্বোধনের পর তিনি খালের পাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় মরা খালে রূপ নেয়।
গাছ রোপণ ও খননস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীরা তাকে উষ্ণ করতালিতে স্বাগত জানান।
স্থানীয় নারী, প্রান্তিক কৃষক ও শিশুরাও কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মনোয়ারুল হক/
