চীনের শানসি প্রদেশে খনি দুর্ঘটনা: বিস্ফোরণে প্রাণ হারালেন ৮২ শ্রমিক
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৩ মে) : চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ৮২ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো জোর তৎপরতা চলছে বলে জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্যমতে, শক্তিশালী এই বিস্ফোরণের পর এখনো অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় খনিটির ভেতরে ঠিক কতজন মানুষ কর্মরত ছিলেন, তা এখনো নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খনির ভেতরে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আটকা পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। তখন খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য কুখ্যাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
চীনের মোট জ্বালানি ব্যবহারের অর্ধেকের বেশি এখনও কয়লার ওপর নির্ভরশীল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মনোয়ারুল হক/
