টাঙ্গাইলে যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের ঘোষণা পানিসম্পদমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (টাঙ্গাইল), এবিসিনিউজবিডি, (২২ মে) : টাঙ্গাইলের যমুনা নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে আগামী অর্থবছর থেকেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। জনগণের জানমাল ও স্বার্থ রক্ষায় সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে তিনি জানান।
সম্প্রতি টাঙ্গাইল সদর উপজেলার যমুনার তীব্র ভাঙনকবলিত এলাকা সরজমিনে পরিদর্শনকালে মন্ত্রী এই কথা বলেন। পরিদর্শন শেষে তিনি দ্রুততম সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধের কাজ শুরু করার ব্যাপারে আশ্বাস দেন।
পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২২ মে) বেলা ১২টার দিকে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদীভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন তারা। পরে নদীতীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙনকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতি বছর নদীপাড়ের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের যমুনা নদীভাঙনকবলিত এলাকাগুলো সুরক্ষায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী অর্থবছরেই এর কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছে। যমুনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমরা যা বলি, তাই করি। নির্বাচনের আগে যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার তা বাস্তবায়নে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে এবং স্থানীয় মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতা-কর্মী এবং ভাঙনকবলিত এলাকার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
