ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ), এবিসিনিউজবিডি, (২২ মে) : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন দিক কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এ সময় এনসিপির কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।’

তিনি লিখেন, ‘প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।’

ঘটনার পর থানায় অবস্থান করছেন জানিয়ে তিনি লিখেন, ‘মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ