সিলেটে হামে একদিনে ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসিনিউজবিডি, (২২ মে) : সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৪৭ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন।
শুক্রবার (২২ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওসমানী হাসপাতাল, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ৫ শিশু মারা যায়।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল মালিকের ৫ মাসের কন্যা রাইসা ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ইশাক আলীর ৬ বছর বয়সী ছেলে আলী আফসান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সুনামগঞ্জের দিরাই উপজেলার মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী কন্যা মুসলিমা ও সিলেট সদর উপজেলার বহরাম আহমদের ১ বছর ২ মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এবং সুনামগঞ্জের ৪ বছর ২ মাস বয়সী শামীমা সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারো সংক্রমণ শনাক্ত হয়নি। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত মোট ১৫৮ জনের পরীক্ষাগারে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৮৪ জন এবং সিলেট জেলায় ৪২ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৮৩ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮০ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৫৫ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
মনোয়ারুল হক/
