রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ মে) : রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া ফুটফুটে শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহত রামিসার বড় বোন রাইসার পড়াশোনাসহ যাবতীয় ভবিষ্যৎ দায়িত্ব গ্রহণ করেছেন সরকারপ্রধান।

একই সাথে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ শোকসন্তপ্ত পরিবারটিকে কিছুটা হলেও সান্ত্বনা জুগিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ওই বাসায় যান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রামিসার বাসা থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বাস্ত করেছেন রামিসার বড় বোনের পড়াশোনা থেকে শুরু করে আনুষাঙ্গিক ব্যয় উনি বহন করবেন। সেই সঙ্গে রামিসার মা-বাবা ও বড় বোনের জন্য একটি আশ্রয়স্থলের ব্যবস্থা করবেন। কারণ, উনারা একটি নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারগুলোতে যাতে দ্রুত চার্জশিট দেওয়া যায় এবং বিচারকার্য দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, সেজন্য আইনে পরিবর্তন আনার প্রয়োজন হলে তাই করা হবে। আইনমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

এর আগে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানান। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রামিসার বাসভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ