সিলেট সীমান্তে উত্তেজনা: বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসিনিউজবিডি, (১৯ মে) : সিলেটের সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মুহূর্তের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার পর তাৎক্ষণিকভাবে জবাবি পদক্ষেপ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, দ্রুত ও পেশাদার পদক্ষেপ গ্রহণের ফলে পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন সোনারহাট সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ইউছুফ আলী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকার ১২৬৭/২এস সীমান্ত পিলার সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে। ওই এলাকায় দায়িত্ব পালনরত সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থানকালে বিএসএফের দিক থেকে গুলির শব্দ শোনা যায়। এর পরপরই নিরাপত্তাজনিত প্রটোকল অনুসরণ করে বিজিবি পাল্টা ব্যবস্থা নেয়।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে যেকোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী দায়িত্বশীল ও পেশাদার অবস্থানে কাজ করছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ও জনপ্রতিনিধিদের অবৈধ অনুপ্রবেশ এবং অনুমতি ছাড়া সীমান্ত এলাকায় যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নিয়মিত সচেতন করা হচ্ছে।
মনোয়ারুল হক/
