প্রাথমিকের ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনায় কড়া বার্তা শিক্ষা প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ মে) : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার খবর সংবাদমাধ্যমে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিশুদের খাবার নিয়ে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না।
সোমবার (১৮ মে) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় তিনি এই কঠোর বার্তা দেন।
সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।’
উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার পর সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য জরুরি ৫ দফা নির্দেশনা জারি করেন।
তিনি জানান, মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে। পূর্বানুমোদন ছাড়া এতে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পণ্য সরবরাহকারী চালক এবং জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে। মালামাল সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে এই পরিচয় যাচাই করা হবে।
কোনো অবস্থাতেই কাজ পাওয়ার পর তা অন্য কোনো উপ-ঠিকাদার বা সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।
খাবারের মান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ATEO) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতি মাসে অন্তত দুইবার আকস্মিকভাবে উৎপাদন কারখানায় হানা দেবেন।
প্রতিটি বিদ্যালয় পর্যায়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী অভিভাবক কমিটি গঠন করা হবে। এই কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির একজন সদস্যের পাশাপাশি তিন জন অভিভাবক মা অন্তর্ভুক্ত থাকবেন, যারা সরাসরি খাবারের মান তদারকি করবেন।
জরুরি সভায় প্রতিমন্ত্রী বিগত দিনে মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে মাঠপর্যায়ের অভিযোগসমূহ যাচাই-বাছাই করে অ্যাকশন ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে যাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জরুরি এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং মিড-ডে মিলের প্রকল্প কর্মকর্তারাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
