চাঁদপুরের যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ মে) : ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

সফরকালে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসমাবেশস্থলের বিশাল মঞ্চ প্রস্তুত করার অনুষ্ঠানস্থলে প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারিতে বিশেষ কড়াকড়ি। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ সমাবেশ হবে। এখান থেকেই উদ্বোধন হবে ফ্যামিলি কার্ড। ইতোমধ্যেই স্থানটি ঘিরে বিএনপির দলীয় নেতাকর্মীরাও আনন্দ উল্লাসে সরব রয়েছেন।

নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো অনুষ্ঠানস্থল। ২০০৪-এ তারেক রহমান চাঁদপুরে এসেছিলেন বিএনপির একজন কর্মী হিসেবে। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর এ জেলায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিনজন মন্ত্রী। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ