রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে ব্যক্তি হিসেবে দেখার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ মে) : দুর্নীতি ও সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয়ের বদলে অপরাধীকে ব্যক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইনের প্রয়োগে কোনো ধরনের দলীয় পক্ষপাতের সুযোগ থাকা উচিত নয়।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নাশকতা ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব ও আধুনিক রূপ দিতে চায়। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তার মতে, পুলিশের আচরণ ও কর্মদক্ষতাই জনগণের কাছে সরকারের ভাবমূর্তি প্রতিফলিত করে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ঘোষিত কর্মপরিকল্পনার প্রতিটি ধাপ বাস্তবায়নে সরকার কাজ করছে। পাশাপাশি রাষ্ট্রীয় বড় প্রকল্পগুলোর ব্যয় নিয়ে ইঙ্গিত করে তিনি বলেন, কোথাও অপ্রয়োজনীয় খরচ কমানো গেলে আরও উন্নয়নমূলক কাজ করা সম্ভব হতো। সরকার ধাপে ধাপে এসব বিষয় চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
