৯ দিনে রেমিট্যান্সে বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মে) : দেশের প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশে।

চলতি মে মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে গতি দেখা যাচ্ছে। মাসের প্রথম ৯ দিনেই ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে প্রবাসী আয়। এ সময়ে মোট ১০২ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ১ দশমিক ০২ বিলিয়ন ডলার দেশে এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৩১ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে আবারও ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঈদুল আজহাকে ঘিরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ সাধারণত বাড়ে, যা রেমিট্যান্স প্রবাহকে আরও শক্তিশালী করে।

এর আগে, গত মার্চ মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একইভাবে গত ডিসেম্বর, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলেও ৩ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, একক মাস হিসেবে এখন পর্যন্ত মোট ছয়বার ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে—যা বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধিরই প্রতিফলন।

এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ মে পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (বিপিএম৬ পদ্ধতি) অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ বজায় থাকলে দেশের বৈদেশিক খাত আরও স্থিতিশীল হবে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ