পুলিশের দাবিতে সরকারের ইতিবাচক অবস্থান, যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মে) : পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দীর্ঘদিন চাকরি করেও অনেক কনস্টেবল পদোন্নতির সুযোগ পান না। এ সমস্যা সমাধানে ভালো চাকরির রেকর্ডের ভিত্তিতে অবসরকালীন সময়ে কিছু সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পদে উন্নীত করার সুযোগ রাখা হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এতে বাহিনীর মনোবল ও কর্মদক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন উন্নতমানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
আবাসন ও অবকাঠামো সংকট নিরসনের কথাও উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ইউনিটের ভবন নির্মাণ ও আবাসন সুবিধা বাড়াতে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তা আরও জোরদার করতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রশিক্ষণ ছাড়া বর্তমান প্রেক্ষাপটে কার্যকর পুলিশিং সম্ভব নয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থাও জোরদার করা হবে।
এছাড়া অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অর্থপাচার রোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ‘মব কালচার’ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের সংশোধন আনার কথাও উল্লেখ করেন।
সবশেষে পুলিশ সদস্যদের জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মনোয়ারুল হক/
