জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসিনিউজবিডি, (৮ মে) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার পরিস্থিতির ওপর সরকারের কঠোর নজরদারি থাকবে এবং কেউ কৃত্রিমভাবে বাজার অস্থির করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার সিলেট জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছে, তাতে পণ্যমূল্যের বড় ধরনের পরিবর্তনের যৌক্তিকতা নেই। ভবিষ্যতে দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় আগেভাগে পণ্যের মূল্য বাড়ানোও অনুচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ী বা কোনো গোষ্ঠী বাজারকে প্রভাবিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর ব্যবস্থাপনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষতার ঘাটতির কারণে দেশে পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় হচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একজন ডেনিশ বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার মতে, বন্দরের কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ হলে আমদানি-রপ্তানির ইউনিটপ্রতি ব্যয় কমে আসবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রাখা হয়েছে।
সরকারি শিল্পপ্রতিষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনা সরকারের মূল কাজ নয়। অনেক ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অদক্ষতার কারণে লোকসানে পড়ে এবং এতে জনগণের অর্থ অপচয় হয়। তাই লোকসানি কলকারখানাগুলো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দিয়ে উৎপাদন, কর্মসংস্থান ও রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এ সময় তিনি বাইশটিলা এলাকায় জেলা পরিষদের প্রায় ৪৩ একর জমিতে আধুনিক ন্যাচারাল পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। সেখানে ক্যাবল কার, রোপ ব্রিজসহ শিশু ও বড়দের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি। প্রকল্পটির জন্য একটি মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হয়েছে এবং সরকার এর অর্থায়নে সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
