রবীন্দ্রনাথকে পুরোপুরি অনুধাবন করা কঠিন: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (নওগাঁ), এবিসিনিউজবিডি, (৮ মে) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি শাখায় অসামান্য অবদান রেখে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রবীন্দ্রনাথ এমন এক বহুমাত্রিক প্রতিভা, যাকে সারা জীবন গবেষণা করেও পুরোপুরি অনুধাবন করা কঠিন।

শুক্রবার নওগাঁর পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক। তাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়নের চেষ্টা অজ্ঞতার পরিচয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি রবীন্দ্রনাথকে শুধু কবি নয়, একজন গভীর চিন্তাশীল দার্শনিক হিসেবেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পতিসর অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে বিশ্বকবি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কৃষি ব্যাংক প্রতিষ্ঠা এবং আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা প্রচারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই ভাবনাকে সামনে রেখেই বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। স্বাগত বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে সাংস্কৃতিক পর্বে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, রানীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা রবীন্দ্রসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

বিশ্বকবির জন্মবার্ষিকী ঘিরে পতিসর এলাকায় ছিল উৎসবের আবহ। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী, রবীন্দ্রপ্রেমী, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ