সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্যাগ-ড্রেস-জুতা দেওয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ মে) : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাটের তৈরি স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা সরবরাহের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, সরকারের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় প্রাথমিক পর্যায়ের শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস ও ফুটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত স্কুল জুতা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠান তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে জুতা বিতরণের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় এক লাখ শিক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

ববি হাজ্জাজ আরও বলেন, শিশুদের মধ্যে বৈষম্য এড়াতে জুতার মান, নকশা ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বিত মানদণ্ড নিশ্চিত করা প্রয়োজন। এজন্য টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বাটা, অ্যাপেক্স, প্রাণ-আরএফএল, বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ