গৃহবন্দী হলেন অং সান সু চি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১ মে) : মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চিকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যম। সামরিক নেতা মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেন, সু চির বাকি সাজা নির্ধারিত বাসভবনে ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৫ সালে মিয়ানমারের তৎকালীন শাসকগোষ্ঠী গণতান্ত্রিক সংস্কার শুরু করলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন অং সান সু চি। তার আগে দীর্ঘ সামরিক শাসনের সময় তিনি গণতন্ত্রপন্থি আন্দোলনের মুখ হয়ে ওঠেন এবং একাধিক দফায় মোট পনেরো বছরের বেশি সময় গৃহবন্দি ছিলেন। ২০২১ সালে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে উৎখাত করে সু চিকে গ্রেপ্তার করার পর থেকে তাকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে, আর কোনো বক্তব্যও শোনা যায়নি।

অন্যদিকে, সু চির আইনজীবীরা রয়টার্সকে জানিয়েছেন, তাকে গৃহবন্দি করার বিষয়ে তারা সরাসরি কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি। তার আইনজীবীরা তিন বছরের বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করতে পারেননি। পরিবারের সদস্যদের সঙ্গেও দুই বছরের বেশি সময় কোনো যোগাযোগ নেই।

সর্বশেষ ২০২১ সালের মে মাসে আদালতে হাজিরার সময় সু চির ছবি দেখা গিয়েছিল। তখন সামরিক সরকার তার বিরুদ্ধে একের পর এক মামলা শুরু করে, যেগুলোকে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সাজানো অভিযোগ হিসেবে দেখা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ