জ্বালানিসংকট মোকাবিলায় বিরোধীদল নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ এপ্রিল) : জ্বালানিসংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের সমান প্রতিনিধিত্বে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত কমিটিতে সরকারি দলের পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে এবং বিরোধীদলের কাছ থেকেও পাঁচজনের নাম চাওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে প্রধানমন্ত্রী এ প্রস্তাব উপস্থাপন করেন।
তিনি বলেন, ‘বৈশ্বিক জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করা জরুরি।’ দেশের স্বার্থে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যৌথ কমিটির মাধ্যমে জ্বালানি খাতের বিদ্যমান সমস্যা পর্যালোচনা, সম্ভাব্য সমাধান এবং নীতিগত সুপারিশ প্রণয়ন করা হবে। বিরোধীদলের পক্ষ থেকে আসা যেকোনো যৌক্তিক প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বাস্তবসম্মত হলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’
এর আগে, গতকাল বুধবার (২২ এপ্রিল) সংসদে জ্বালানিসংকট নিরসনে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান একটি প্রস্তাব দেন। তার প্রস্তাবের প্রেক্ষিতেই সরকার যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেয় বলে জানান প্রধানমন্ত্রী।
সরকারি দলের প্রস্তাবিত সদস্যদের মধ্যে রয়েছেন- জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ময়নুল ইসলাম শান্ত খান এবং মিয়া নুরুদ্দিন।
আলোচনায় প্রধানমন্ত্রী বিরোধীদলকে দ্রুত তাদের পাঁচজনের নাম দেওয়ার আহ্বান জানান, যাতে কমিটি দ্রুত কাজ শুরু করতে পারে।
এ সময় বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবকে স্বাগত জানান। দ্রুতই তার দলের পক্ষ থেকে সদস্যদের নাম দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা মনে করি এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। আমরা মনে করি, সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শিগগিরই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব।’
মনোয়ারুল হক/
