তেল না পেয়ে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক (জামালপুর), এবিসিনিউজবিডি, (৬ এপ্রিল) : জামালপুরে পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পরলে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে ইসলামপুরের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে এ অবরোধ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।

এসময় স্থানীয়রা জানান, ওই ফিলিং স্টেশন জ্বালানি তেল দেবে এমন খবর ছড়িয়ে পরে ফেসবুকে। পরে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনও তেল সরবরাহ করা হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষমাণ চালকরা। একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়। এর পর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুক পোষ্ট থেকেই এমন ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়েই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ