তিন হাজার শ্রমিকের রুটি-রুজিতে আঘাত, গার্মেন্টসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৬ মার্চ) : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে অবস্থিত স্টাইল স্মিথ সান অ্যাপারেলস গার্মেন্টসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় তিন হাজার শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিকরা এই গার্মেন্টসকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি মাগুরা জেলার চারটি উপজেলার বিভিন্ন গ্রাম থেকেও অনেকেই এখানে চাকরি করে পরিবার নিয়ে বসবাস করছেন।
গার্মেন্টসের এক কর্মচারীর ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল চারটার দিকে আমতৈল গ্রামের বাসিন্দা মো. চাঁদ আলীর ছেলে ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ নেতা লিপটন মিয়া তার সহযোগীদের নিয়ে কারখানায় হামলা চালান। এ সময় তারা গার্মেন্টসে ভাঙচুর করে এবং আগুন দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সেখান থেকে সরে যায়। পরে অভিযোগ রয়েছে, তারা গার্মেন্টসের মালিক সাবেক জেলা বিএনপি সদস্য মিয়া মো. জাহিদুল ইসলামের সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মনোয়ারুল হক/
