সৌম্যকে কোনো ম্যাচ না খেলানোর ব্যাখ্যা দিলেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ মার্চ) : মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি বাংলাদেশ ও পাকিস্তানের জন্য হয়ে উঠলো ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচে। রোমাঞ্চে ঠাসা এই ম্যাচ ছড়িয়েছে ফাইনালের উত্তাপ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তানকে ১১ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
এই সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে এসেছে। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটি ম্যাচেও সুযোগ পাননি সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে গত বছর সবশেষ ওয়ানডে ম্যাচে ৯১ রান করেছিলেন সৌম্য। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের কোনো ম্যাচেই একাদশে সুযোগ না পাওয়ায় সৌম্য নিয়ে তাই চলছে বিস্তর আলোচনা।
সিরিজ শেষে সংবাদ সম্মেলনে সৌম্যকে একটি ম্যাচেও না খেলানোর কারণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, ‘আমরা চাচ্ছি একটা খেলোয়াড় যেন সুযোগ বেশি পায়। কোনো সন্দেহ নেই সৌম্য গত সিরিজটা অনেক ভালো খেলেছে। কিন্তু হয়তো কিছুদিন একটু ছন্দে ছিল না।’
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না থাকলেও পাকিস্তান সিরিজের একাদশে ফিরে তানজিদ তামিম সিরিজসেরা হয়েছেন। তবে সাইফ হাসান প্রথম দুই ম্যাচে রান পাননি (৪ ও ১২)। তবু কেন তাঁকে বসানো হয়নি এই ব্যাখ্যায় মিরাজ বলেছেন, ‘সাইফকে বসিয়ে যদি সৌম্যকে খেলাতাম তাহলে দুইটা জিনিস হতো। ওরও আত্মবিশ্বাসটা নেমে যেত। সৌম্য যদি এই ইনিংসটা আল্লাহ না করুক খারাপ খেলত তাহলে ওর জন্যও কঠিন হতো।’
টিম ম্যানেজমেন্ট নাকি চেয়েছে পুরো সিরিজ জুড়েই সাইফ হাসান ও তানজিদ তামিমকে সুযোগ দিতে। মিরাজ বলেন, ‘যেহেতু একটু স্ট্রাগল করেছে। তানজিদ তামিম সর্বশেষ সিরিজে খেলেনি, সৌম্য ও সাইফ ব্যাট করেছে। আমাদের প্ল্যান ছিল, যেহেতু কম ছন্দে আছে, তামিম ও সাইফকে দিয়ে ওপেন করাব। অনেক সহজ হতো আমাদের জন্য।’
তবে সৌম্য সুযোগ পেলে পর্যাপ্ত সুযোগ পাবেন, নিশ্চিত করলেন মিরাজ, ‘একটা ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি। তখন নিজে থেকে বুঝতে পারবে। সৌম্য যখন আবার খেলবে, সে-ও সুযোগ পাবে। এমন না একটা খেলেই বাদ পড়ে যাবে। পর্যাপ্ত সুযোগ পাবে। গতবার তিন ম্যাচেই সুযোগ দিয়েছি, তামিমকে খেলাইনি। আমাদের পরিকল্পনা এমন। কেউ সুযোগ পেলে যেন ৩-৪ ম্যাচ সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারে।’
মনোয়ারুল হক/
