শাকিবের ‘প্রিন্স’ চমক

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ মার্চ) : তারকা নায়ক শাকিব খান অভিনীত নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘প্রিন্স’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ প্রকাশিত হয়েছে এর টিজার। এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি। এটাকে নির্মাতা বলছেন প্রি-ব্লাস্ট।

টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। শুরুতেই ভয়েসওভারে বলা হলো, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে। ভয়ংকর! আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’

এরপর শাকিবের পর্দায় হাজির। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর বুকে সীসা ঢুকানো, ঝাপিয়ে পড়া- সবকিছুই দেখা যাচ্ছে তার অ্যাকশনে। কণ্ঠে তাচ্ছিল্যের সুরে শাকিব বলেন, ‘সব শেয়াল কুকুর দেখি একসাথে হইছে। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’

প্রি ব্লাস্টে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলক। বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে বলিউডের জনপ্রিয় ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে।

এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেতা লোকনাথ দে, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢালিউডের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ