৩১ দফা পরিপালনের প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মার্চ) : ৩১ দফা অঙ্গীকার পরিপালনের প্রথম পদক্ষেপ হলো ফ্যামিলি কার্ড বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারের এক মাসে পূর্ণ হয়নি। এরই মধ্যে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে। আমি মনে করি, বিএনপির ৩১ দফার অঙ্গীকার ছিল সেই দফাগুলোকে পরিপালন করার প্রথম পদক্ষেপ। এরপর আসবে কৃষক কার্ডসহ আরো অনেক কিছু। কিন্তু এরই মধ্যে বহু লোক বহু সমালোচনা করছে। তাদের ভাবটা এরকম যে, এই সরকার হাজার বছর ক্ষমতায় আছে। গত ১৭ বছর বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট করেছে একইভাবে আমরাও কষ্ট করেছি।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি।
নির্বাচিত সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নামার প্রসঙ্গে তিনি বলেন, কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার একটা নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবির কথা বলতে পারেন। এছাড়াও দাবির কথা জানানোর একটা সিস্টেম আছে।
কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, দয়া করে রমজান মানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। রোজা রেখে মিথ্যা কথাটা বলবেন না, অপপ্রচার করেন না। উল্টাপাল্টা গালিগালাজ করেন না। এতে নিজেদের বংশের পরিচয় মর্যাদা পরিচয় পাওয়া যায়। কে কোথা থেকে আসছেন। আপনাদের একজনের বাবা হলো জামায়াতের রোকন, মা জামায়াতের রোকন। নিজের মাথার মধ্যে টুপি, তারপরে দাঁড়ি আছে অর্থাৎ সুন্নতের সমস্ত কিছুর উপকরণ শরীরে। একজন একজন মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কখনো করি নাই।
নিজের রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরে তিনি বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না। বহুদিনের। তোমাদের অনেকে জন্ম হয়নি। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। নিজেদের ক্যারিয়ার ক্যারিয়ারকে আরও তৈরি করো। সত্যি কথা বল।
আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।
মনোয়ারুল হক/
