আসিফ মাহমুদকে ‘মব সন্ত্রাস’ ও ‘দুর্নীতিবাজ’ বললেন ক্ষুব্ধ জুলাই যোদ্ধা, চাইলেন ত্রানের টাকার হিসাবও
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মার্চ) : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনব্যাপী ঈদ উৎসব পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদ উদ্যাপনের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে দলটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে আসিফ মাহমুদ চলে যাওয়ার সময় উপস্থিত এক ব্যক্তি তার নাম ধরে দৃষ্টি আকর্ষণ করেন। তবে আসিফ মাহমুদ তাকে উপেক্ষা করে চলে যেতে চাইলে ওই ব্যক্তি উচ্চস্বরে ফেনীতে বন্যার সময় তোলা ত্রাণ তহবিলের হিসাব জানতে চান।
তার দাবি, ফেনীতে বন্যার সময় টিএসসিতে সমন্বয়কদের আহ্বানে সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণের জন্য বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। সেই অর্থের কী হয়েছে? এ প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বন্যার টাকা কোথায়?’
আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে ওই প্রতিবাদকারী বলেন, আপনাদের কাছে বন্যার জন্য যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেগুলোর কি এখন কোনো হিসাব পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়?
এ সময় আসিফ মাহমুদের পক্ষ থেকে কোনো উত্তর না পেয়ে প্রতিবাদকারী ব্যক্তি তাকে উদ্দেশ্য করে ‘মব সন্ত্রাস’ ও ‘দুর্নীতিবাজ’ বলে চিৎকার করতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে নিজের নাম প্রকাশ করেননি।
একপর্যায়ে তিনি উচ্চস্বরে বলতে থাকেন, এই দাঁড়ান আসিফ ভাই। ওই আসিফ, ও তো একটা সন্ত্রাস, মববাজ, চাঁদাবাজ। ওনার কাছে যে ম্যাগজিন ছিল, যে অস্ত্র ছিল- সেটা কি আমি জিজ্ঞাসা করতে পারি না?
হট্টগোলের মধ্যে তিনি আরও অভিযোগ করেন, বন্যার টাকা কোথায় গেছে, সেটা কি আমি জানতে চাইতে পারি না? উনি কোটি টাকার গাড়িতে চলাফেরা করেন-এই টাকা কোথা থেকে আসে?
প্রতিবাদকারী ব্যক্তি আরও দাবি করেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের খোঁজখবর নেননি আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমি ৫ আগস্টের একজন যোদ্ধা। আমাদের দিয়ে আজকে তিনি কোটি টাকার গাড়িতে চলাফেরা করেন। এনসিপিরা চাঁদাবাজি করছে। রাস্তায় মানুষকে মারধর করছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত এনসিপির কয়েকজন নেতা ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। অন্যরা পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আসিফ মাহমুদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করতে যাচ্ছে এনসিপি।
এ আয়োজন বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি এবং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। নাগরিক উদ্যোগে আয়োজিত এই উৎসবে সর্বসাধারণের আর্থিক সহায়তা গ্রহণ করা হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে যে-কোনো তরুণ এই আয়োজনে যুক্ত হতে পারবেন বলেও জানিয়েছেন আয়োজকরা।
মনোয়ারুল হক/
